ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে বন্যার পানিতে প্লাবিত একটি খনি থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। একই ঘটনায় ভূগর্ভে আটকা পড়ে থাকা আরও ১৮ জন খনিশ্রমিকের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, সোমবার থেকে শ্রমিকেরা প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) গভীর একটি খনিতে আটকা পড়ে আছেন। ভারী বৃষ্টিপাতের কারণে খনির প্রবেশপথ ও ভেতরের অংশ পানিতে তলিয়ে যায়। এ ছাড়া খনিতে প্রবেশের পথ সংকীর্ণ এবং ভেতরের পরিবেশ পিচ্ছিল ও অন্ধকার হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় খনি কোম্পানি অ্যান্টাম জানিয়েছে, ঘটনাটি তাদের পরিচালিত কোনো খনিতে ঘটেনি। পংকর এলাকায় তাদের স্বর্ণখনি কার্যক্রম থাকলেও দুর্ঘটনাটি ঘটেছে একটি অননুমোদিত স্বর্ণখনিতে। এর সঙ্গে তাদের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় ছোট পরিসরে ও অবৈধভাবে খননকাজ পরিচালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দেশটির খনিজ সম্পদের অনেকগুলোই প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এসব এলাকায় দুর্গম পরিবেশের কারণে কর্তৃপক্ষের পক্ষে খনন কার্যক্রম নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
