চারিদিকে কমেছে কুয়াশার পরিমাণ। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শরীর উঠছে শিহরে, বাঁশ ঝাড়ের ফাঁকে উঁকি দিচ্ছে লাল টিপের মত সূর্য। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে প্রখরতা তবুও হিমেল বাতাসে সেই রোদের তাপ যেন লাগেই লাগছেনা। এই পরিস্থিতিতে উত্তরের জেলা পঞ্চগড়ে টানা তিনদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
তবে বৃহস্পতিবার ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়ে উত্তরের জেলাটি। অন্য দিনের মতো কুয়াশার পরিমাণ কম থাকলেও হিমালয় থেকে আসা হালকা হিমেল বাতাস বয়ে যেতে শুরু করে। কুয়াশার কারণে ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। সকাল থেকে কুয়াশা উপেক্ষা করে গায়ে শীতের কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হন শ্রমজীবী মানুষেরা।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমলেও হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় কুয়াশার পরিমাণ কমতে থাকে। তবে হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা অব্যাহত ছিল।
তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা আজিজুর রহমান বলেন, ‘সকালবেলা চা বাগানে কাজ করতে গেলে কুয়াশা ও ঠান্ডার কারণে হাত পা গুলো জড় হয়ে আসে। শীত আসতে তো আরও বাকি এখনই শীতের তীব্রতা অনেক বেশি।’
সদর উপজেলার অমরখানা এলাকার বাসিন্দা রমিজুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই শীত আসে প্রতিবছরই যায়। কিন্তু আমাদের কষ্ট দুঃখ দুর্দশা বাড়তেই থাকে। কেউ আমাদের দিকে দেখে না একটা শীতের কম্বল ও দেয় না। যদি একটা কম্বল পাইতাম খুব ভালো হইত।’
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘বৃষ্টি বলয় কেটে যাওয়ার কারণে গত কয়েকদিন ঘন কুয়াশার পরিমাণ বেশি ছিল। এখন কিছুটা কমলেও শীতের তীব্রতা কিন্তু কমেনি। রোদের দেখা মিললেও হিমালয়ের বাতাসে শীত অনুভূত হচ্ছে। জেলায় চলতি মাসের শেষে শীতের তীব্রতা আরো বাড়বে।’
